এম.এ. রহমান সীমান্ত, উখিয়া: কক্সবাজারের উখিয়ায় ইজিবাইকের ধাক্কায় এক পথচারী রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার(২১ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২ টারদিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা নামক এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান, উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন। নিহত মো. ইয়াছিন (৭) উপজেলার বালুখালী ১১ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লকের নুর হাকিমের ছেলে। স্থানীয়দের বরাতে ওসি শামীম হোসেন বলেন, বেলা সাড়ে ১২ টার দিকে উখিয়া উপজেলার ১২ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশ পথের সড়ক দিয়ে মো. ইয়াছিন হেঁটে যাচ্ছিল। এসময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চালক গাড়ী ফেলে পালিয়ে যায়।
হাসপাতাল থেকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। শামীম হোসেন জানান, নিহত শিশুর মরদেহ স্বজনরা বাড়ীতে নিয়ে গেছে। চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলেও জানান,পুলিশের এ কর্মকর্তা।